সাতক্ষীরা

সুন্দরবনে বনদস্যু নানা ভাই ডন বাহিনী পরিচয়ে সাত জেলে অপহরণ

  এম কামরুজ্জামান, শ্যামনগর ব্যুরো ২ জুন ২০২৬ , ২:৪৬:৫৬ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে মুক্তিপণের দাবিতে বনদস্যু নানা ভাই ডন বাহিনী পরিচয়ে সাত জেলেকে অপহরণ করা হয়েছে। রবিবার (৩১ মে) রাত ১১ টার দিকে সুন্দরবনের মালঞ্চ নদীর চালতেবেড়ে খাল ও সুবদে খাল থেকে তাদেরকে অপহরণ করা হয়। সোমবার বিকেলের মধ্যে মুক্তিপণের টাকা না পাঠালে তাদেরকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ সময় ইসমাইল খাঁ নামের এক জেলেকে নৌকার বৈঠা দিয়ে বাড়িয়ে মাথা ফাটিয়ে জখম করেছে বনদস্যুরা। আহত ইসমাইল খাঁ’কে সোমবার দুপুরে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার বাড়ি শ্যামনগরের দক্ষিণ কদমতলীর কুলতলী এলাকায়। তিনি জানান, তারা রাতে ঘুমাচ্ছিলো। এসময় ডাকাতদল এসে হামলা করলে নৌকায় থাকা একজেলে হাও মাও করে ওঠে। তখন তিনি ঘুম চোখে বাঘ পড়েছে মনে করে পাশে থাকা দা তুললে তার মাথায় বৈঠা দিয়ে বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এবং তার নৌকা থেকে দুইজনকে তুলে নেয়। দুই জনের মুক্তিপণ হিসেবে ২লাখ টাকা দাবি করে। টাকা সময় মতো দিতে না পারলে সমস্যা আছে বলে ডাকাত দল হুমকি দিচ্ছে বলেও জানান।

অপহৃতরা হলেন, অপহৃত জেলেরা হলেন, উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা কুলতলী গ্রামের দেলোয়ার খাঁ’র ছেলে ইয়াসিন খাঁ (৩২) ও আলমগীর খাঁ (৩৮) একই গ্রামের আঃ গনি খাঁ’র ছেলে ইসমাইল খাঁ (৪০), হরিনগর গ্রামের আব্দুর রহিম মোল্লা’র ছেলে আলামিন মোল্লা (৩৫), আব্দুল গফুর গাজী’র ছেলে শাহাজান গাজী (৪৮), নুরুল হক গাজী’র ছেলে কামরুল গাজী (৪৪), কয়রার মহেশ্বরীপুর গ্রামের রফিকুল গাজী’র ছেলে শহিদুল ইসলাম (৪৮)।

অপহৃত জেলেদের স্বজনরা জানান, কদমতলা স্টেশন থেকে কাঁকড়া ধরার অনুমতি (পাস) নিয়ে পাঁচটি নৌকায় ১৮জন জেলে সুন্দরবনে যান। প্রাণ ও প্রকৃতি রক্ষার সরকারি নির্দেশনা অনুযায়ি পহেলা জুন সকালে তাদের বাড়ি ফেরার কথা ছিল। এজন্য তারা রবিবার রাত আনুমানিক ১১টার দিকে সুন্দরবনের মালঞ্চ নদীর চালতেবেড়িয়া খাল ও সুবদে খাল এলাকায় অবস্থান করছিল। এ সময় বনদস্যু নানা ভাই ডন বাহিনী’র সদস্য পরিচয়ে সশস্ত্র কয়েকজন ডাকাত নৌকা থেকে তাদের মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায়।

সুন্দরবনের কদমতলা স্টেশন কর্মকর্তা মনিরুল করিম জানান, বিষয়টি তার জানা নেই।শ্যামনগর থানা অফিসার মোঃ খালেদুর রহমান জানান, এ ব্যাপারে অপহৃতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করা হয়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর