ডেস্ক রিপোর্ট ২৭ মে ২০২৬ , ১১:৩১:৩০ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা সদর উপজেলার ১৩নং লাবসা ইউনিয়নে তরুণ, শিক্ষিত ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ব্যক্তিত্ব অ্যাডভোকেট মোঃ মাসউদকে নিয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আইন পেশায় যুক্ত হওয়ার পর থেকেই ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি হয়ে উঠেছেন আস্থার প্রতীক। অনেকেই মনে করছেন, সৎ, শিক্ষিত ও মানবিক নেতৃত্বের জন্য লাবসা ইউনিয়নে অ্যাডভোকেট মাসউদের মতো একজন মানুষ প্রয়োজন।
সম্প্রতি বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সাতক্ষীরা জেলা জজ কোর্টে আইনজীবী হিসেবে যোগদান করেন অ্যাডভোকেট মাসউদ। তার এই অর্জনে লাবসা ইউনিয়নসহ বিভিন্ন মহলে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন জানিয়ে পোস্ট ও শুভেচ্ছা বার্তা দিতে দেখা গেছে অনেককে।
খোঁজ নিয়ে জানা যায়, ছোটবেলা থেকেই মেধাবী ও পরিশ্রমী হিসেবে পরিচিত অ্যাডভোকেট মাসউদ দীর্ঘদিন ধরে আইন বিষয়ে পড়াশোনা ও প্রস্তুতির মাধ্যমে নিজেকে গড়ে তুলেছেন। শিক্ষাজীবনে তিনি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে এলএলবি (সম্মান) এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম (স্নাতকোত্তর) ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
বর্তমানে তিনি ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির মহাসচিব এবং ইউনিভয়েস কালচারাল সেন্টারের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ছাত্রজীবনে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমেও তার সক্রিয় অংশগ্রহণ ছিল বলে জানা গেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, লাবসা ইউনিয়নের উন্নয়ন, সুশাসন ও সাধারণ মানুষের অধিকার আদায়ে একজন শিক্ষিত ও সচেতন নেতৃত্বের প্রয়োজন রয়েছে। সেই জায়গা থেকে অনেকে অ্যাডভোকেট মাসউদকে ভবিষ্যৎ চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, “বর্তমান সময়ে ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে পারে এমন শিক্ষিত ও ভদ্র নেতৃত্ব খুবই প্রয়োজন। অ্যাডভোকেট মাসউদ একজন সৎ, নম্র ও মানবিক মানুষ। আমরা চাই তিনি ভবিষ্যতে লাবসা ইউনিয়নের নেতৃত্বে আসুন।”
এ বিষয়ে অ্যাডভোকেট মোঃ মাসউদ বলেন, “আমি সবসময় মানুষের ভালোবাসা ও দোয়া পেয়েছি। মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও করতে চাই। সমাজের অসহায় ও বঞ্চিত মানুষের জন্য কাজ করাই আমার মূল লক্ষ্য। মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।”
তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, সততা, ন্যায় ও মানবিক মূল্যবোধ দিয়েই সমাজ পরিবর্তন সম্ভব। তরুণদের এগিয়ে আসতে হবে এবং সমাজের জন্য ইতিবাচক কাজ করতে হবে। আমি সবসময় মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই।”
তরুণ এই আইনজীবীকে ঘিরে ইতোমধ্যে লাবসা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে। সচেতন মহলের ধারণা, শিক্ষিত ও মানবিক নেতৃত্বের প্রতীক হিসেবে ভবিষ্যতে অ্যাডভোকেট মাসউদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

















