ডেস্ক রিপোর্ট ১৯ জুলাই ২০২৫ , ২:৫৩:১৮ অনলাইন সংস্করণ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
শনিবার (১৯ জুলাই) বিকালে সাতক্ষীরা জেলা জাসাসের আয়োজনে শহরের খুলনা রোড মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।
জেলা জাসাসের আহ্বায়ক জিল্লুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেনÍজেলা জাসাসের সদস্য সচিব ফারুক হোসেন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক এম এ রাজ্জাক, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদের, পাটকেলঘাটা জাসাসের সামিউল ইসলাম রুবেল, তালা উপজেলার আহ্বায়ক ফারুক হোসেন, দেবহাটা উপজেলার আহ্বায়ক মনিরুজ্জামান মনি, আশাশুনি উপজেলার আহ্বায়ক মিজ্জা আসাদুজ্জামান, শ্যামনগরের করিম গাজী, কালীগঞ্জের মুরশীদ আলী গাজী, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজ্জা অর্ঘ্য ও পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলামিন হোসেনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “শহীদ জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়কই নন, তিনি ছিলেন স্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তার ছবি অবমাননা করে দেশের ইতিহাসকেই অপমান করা হয়েছে।” বক্তারা আরও বলেন, “তারেক রহমান এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাকে নিয়ে কটুক্তি মানে দেশের গণতান্ত্রিক শক্তিকে আঘাত করা। বিএনপির নেতাকর্মীরা এসব মানে না, মেনেও নেবে না।”
মানববন্ধনে বক্তারা অবিলম্বে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র হলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির নেতাকর্মীরা শক্ত প্রতিরোধ গড়ে তুলবে।

















