ডেস্ক রিপোর্ট ১৬ আগস্ট ২০২৫ , ২:৫১:২৭ অনলাইন সংস্করণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেছেন, “ছাত্রসমাজের চরিত্র গঠন ও মানসিক উৎকর্ষ সাধনের গুরু দায়িত্ব ইসলামী ছাত্রশিবিরকেই নিতে হবে, যা অন্য কোনো সংগঠনের পক্ষে সম্ভব নয়। দীর্ঘ প্রতিকূল সময়ে টিকে থাকা সংগঠনটি এখন অনুকূল পরিবেশে সময় নষ্ট না করে ছাত্রসমাজের কাছে দাওয়াত পৌঁছে দিতে এবং তাদের চরিত্র গঠনে সচেষ্ট হতে হবে।”
শনিবার (১৬ আগস্ট) সাতক্ষীরা মুন্সিপাড়াস্থ কাজী শামসুর রহমান মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে থানা দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মোঃ জুবায়ের হোসেন এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য হাফেজ ইমদাদুল হক এবং সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মোঃ আব্দুর রহিম। এ সময় জেলা শিবিরের সেক্রেটারিয়েটবৃন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম মুকুল আরও বলেন, “বিগত সাড়ে পনেরো বছর ছাত্রশিবিরকে ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হয়নি, এমনকি মাদরাসাগুলোতেও স্বনামে দাওয়াত দেওয়ার পথ রুদ্ধ ছিল। সংগঠনটির বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে ছাত্রসমাজের কাছে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। তবে নানা বাধা-বিপত্তি অতিক্রম করে আজ ছাত্রশিবির সভ্য, ভদ্র ও মেধাবী ছাত্রদের সংগঠন হিসেবে গ্রহণযোগ্যতা অর্জন করেছে।”
সভাপতির বক্তব্যে জেলা সভাপতি জুবায়ের হোসেন বলেন, “আমরা ছাত্রশিবির নামক বাগানের মালি। শহীদদের রক্তের উত্তরাধিকার আমাদের সামনে বিশাল দায়িত্বের বোঝা তুলে দিয়েছে। এ পথ কণ্টকাকীর্ণ হলেও আমাদের প্রতিটি দায়িত্বকে আমানত হিসেবে বিবেচনা করতে হবে।”
তিনি আরও বলেন, “দায়িত্বশীল হিসেবে আমাদের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্নেহশীলতা, করুণা, সহজ-সরল জীবনযাপন ও অহংকার থেকে মুক্ত থাকার বৈশিষ্ট্য অর্জন করা অপরিহার্য।”

















