আলী মুক্তাদা হৃদয় ৩০ অক্টোবর ২০২৫ , ২:২৯:৩৭ অনলাইন সংস্করণ
২০২২ সালের ৩০ অক্টোবর একটি তারিখ, একটি সূর্যোদয়, একটি স্বপ্নের শুরু। “মুক্ত মনের মুখপত্র” স্লোগান নিয়ে সেদিনই যাত্রা শুরু করেছিল সাতক্ষীরার বুকে এক নতুন সম্ভাবনার নাম দৈনিক হৃদয় বার্তা। অল্প সময়ের মধ্যেই পত্রিকাটি মানুষের আস্থা, ভালোবাসা ও সহযোগিতায় পরিণত হয় এক শক্তিশালী গণমাধ্যম পরিবারে। আর আজ, ৩ বছর পেরিয়ে যখন আমরা ৪র্থ বর্ষে পদার্পণ করছি, তখন পেছনে ফিরে তাকালে চোখে পড়ে সংগ্রাম, প্রতিশ্রুতি আর অদম্য ভালোবাসার এক গল্প।
যাত্রার শুরুটা সহজ ছিল না। প্রতিটি নতুন প্রচেষ্টা যেমন সন্দেহ, সমালোচনা ও বাধার মুখে পড়ে, হৃদয় বার্তাও তার ব্যতিক্রম ছিল না। সাতক্ষীরার একটি কুচক্রী মহল শুরু থেকেই এই পত্রিকার অগ্রযাত্রায় বাঁধা সৃষ্টি করার চেষ্টা করে। অপপ্রচার, মানহানি, বিভ্রান্তিÍসব কিছু দিয়েই তারা থামিয়ে দিতে চেয়েছিল আমাদের এগিয়ে চলা। এমনকি, সাংবাদিকতার মুখোশ পরা কিছু ব্যক্তি তখন সেই কুচক্রী মহলের পক্ষ নিয়ে দাঁড়িয়েছিল।
কিন্তু সেই কঠিন সময়ে পাশে ছিলেন সাতক্ষীরার প্রকৃত সাংবাদিক সমাজের অনেকে, ছিলেন শুভাকাঙ্খীরা, ছিলেন পাঠক ও হৃদয় বার্তা’র সাংবাদিকরা। তাদের উৎসাহ, বিশ্বাস ও ভালোবাসাই আমাদের শক্তি জুগিয়েছে। আজও আমরা সেই দিনগুলোর কথা মনে করি গভীর কৃতজ্ঞতায়। হৃদয় বার্তা আজ যে জায়গায় পৌঁছেছে, এর পেছনে সেই সাহসী মানুষগুলোর অবদান অনস্বীকার্য।
হৃদয় বার্তা জন্ম থেকেই অন্যায়ের বিরুদ্ধে, অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েছে। আমরা বিশ্বাস করি সত্যের পথে হাঁটাই সাংবাদিকতার মূল দায়িত্ব। তাই এই তিন বছরে আমাদের কলম থেমে থাকেনি অন্যায়ের মুখোমুখি হয়ে। নির্যাতিত নারী, কৃষকের অধিকার, শ্রমজীবী মানুষের কণ্ঠ, কিংবা স্থানীয় উন্নয়নের অসঙ্গতিসব জায়গায়ই হৃদয় বার্তা ছিল নির্ভীক। আমরা চেষ্টা করেছি সেই সংবাদকে গুরুত্ব দিতে যা সমাজ পরিবর্তনের অনুপ্রেরণা জাগায়। কারণ সংবাদ শুধু ঘটনা নয়, সংবাদ হলো দায়িত্ব। সংবাদ হলো সমাজের দর্পণ, মানুষের আশা-আকাক্সক্ষার প্রতিফলন।
সাতক্ষীরা বাংলাদেশের অন্যতম উপকূলীয় জেলা। এই জেলার মানুষ প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ¡াস ও লবণাক্ততার প্রভাবে ভুগছে। হৃদয় বার্তা শুরু থেকেই এসব বিষয় গুরুত্বের সঙ্গে তুলে ধরছে।
আমরা বিশ্বাস করি, উপকূলের মানুষের কষ্ট, সংগ্রাম ও সাহসের গল্পগুলো শুধু খবর নয় এগুলো দেশের উন্নয়ন ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তাই হৃদয় বার্তা নিয়মিতভাবে আবহাওয়া, জলবায়ু পরিবর্তন, উপকূলীয় নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রতিবেদন প্রকাশ করছে। এভাবেই আমরা উপকূলের কণ্ঠস্বরকে জাতীয় পরিসরে পৌঁছে দিতে চাই।
সময়ের সঙ্গে তাল মিলিয়ে হৃদয় বার্তা শুধুমাত্র ছাপার কাগজে সীমাবদ্ধ থাকেনি। ডিজিটাল যুগের পাঠক চাহিদা বিবেচনায় গড়ে উঠেছে হৃদয় বার্তার অনলাইন সংস্করণ, যা এখন এক বিশাল পরিবারে পরিণত হয়েছে। বর্তমানে অনলাইনে হৃদয় বার্তার পাঠকসংখ্যা প্রায় ৪০ হাজার, যা প্রতিদিনই বাড়ছে।
এই বিশাল পাঠকসমাজই আমাদের প্রেরণা। তাদের আস্থা ও ভালোবাসা আমাদের শিখিয়েছে কীভাবে একটি ছোট প্রচেষ্টা একদিন বড় প্রভাব সৃষ্টি করতে পারে। অনলাইন পাঠকেরা শুধু সাতক্ষীরায় নয়, সারা দেশ ও দেশের বাইরে থেকেও আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তাদের প্রতিক্রিয়া, মন্তব্য, উৎসাহ আমাদের আরও এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। প্রতিদিনের সংবাদ সংগ্রহ, সম্পাদনা, প্রকাশ সবকিছুই যেন একেকটি চ্যালেঞ্জ। অনেক সময় সীমিত সম্পদ, স্বল্প জনবল, আর নানা প্রতিকূলতার মাঝেও হৃদয় বার্তার টিম কাজ চালিয়ে গেছে অবিচল সাহসে।
আমরা জানি, সাংবাদিকতা মানে শুধু খবর লেখা নয়; এটা একধরনের সংগ্রাম, একধরনের সামাজিক দায়িত্ব।
এই দায়িত্ব পালনে কখনো কারও মুখের দিকে না তাকিয়ে, কখনো কোনো ক্ষমতার কাছে নতি স্বীকার না করেই হৃদয় বার্তা এগিয়ে চলেছে তার নিজের পথ ধরে।
যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে ‘সত্য ও ন্যায়ের সঙ্গে আপোস না করার’ নীতি আমাদের মূল শক্তি। এই নীতিই আমাদের বারবার নতুন করে দাঁড়াতে সাহায্য করেছে।
আগামী দিনগুলোতে হৃদয় বার্তা শুধু সংবাদ প্রকাশেই সীমাবদ্ধ থাকবে না; বরং সাতক্ষীরার টেকসই উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে কাজ করবে।
আমরা চাই, সাতক্ষীরা হোক একটি মডেল জেলা যেখানে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ ও পর্যটন একসাথে এগিয়ে যাবে। হৃদয় বার্তা এই উন্নয়ন যাত্রায় সহযোগী হতে চায়, হোক সেটা সচেতনতা বৃদ্ধি, তথ্যভিত্তিক প্রতিবেদন, কিংবা নীতি পরামর্শমূলক অনুসন্ধানী রিপোর্টের মাধ্যমে।
আমাদের লক্ষ্য একটি আলোকিত সাতক্ষীরা গড়া যেখানে উন্নয়নের আলো পৌঁছাবে প্রত্যন্ত গ্রামেও, যেখানে সাংবাদিকতা হবে উন্নয়নের হাতিয়ার।
একই সঙ্গে আমরা তরুণ সাংবাদিকদের জন্য একটি ইতিবাচক, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই।
আমরা বিশ্বাস করি, আগামী দিনের বাংলাদেশ গড়বে সেইসব তরুণ যারা সত্য ও মানবতার পক্ষে কলম ধরবে।
এই তিন বছরের পথচলায় আমরা যাদের ঋণী, তাদের প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা।
আমাদের সম্পাদকমন্ডলী, সংবাদকর্মী, প্রতিনিধি, বিজ্ঞাপনদাতা, শুভাকাঙ্খী, এবং সর্বোপরি আমাদের পাঠক তাদের ছাড়া এই যাত্রা কখনো সম্ভব হতো না। বিশেষ কৃতজ্ঞতা সেইসব সাংবাদিক বন্ধুর প্রতি, যারা বিপদের সময় হৃদয় বার্তার পাশে ছিলেন। তাদের বিশ্বাস, সহানুভূতি ও সাহস আমাদের এগিয়ে চলার প্রেরণা হয়ে থাকবে চিরকাল।
তবে আমরা আশাবাদী। কারণ, হৃদয় বার্তা সৃষ্টি হয়েছিল “সৃষ্টির উল্লাস” থেকে, এবং সেই উল্লাস আজও জ্বলজ্বল করছে আমাদের প্রতিটি পৃষ্ঠায়, প্রতিটি প্রতিবেদনে, প্রতিটি পাঠকের মনে।
লেখক: আলী মুক্তাদা হৃদয়, ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক হৃদয় বার্তা

















