সাতক্ষীরা

সাতক্ষীরার পরিবেশ রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে

  ডেস্ক রিপোর্ট ৩০ আগস্ট ২০২৫ , ৩:১৪:৪৩ অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় পরিবেশ উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক, পরিবেশবিদ সরদার শরীফুল ইসলাম। তিনি বলেছেন, “পরিবেশ রক্ষা করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তাই সবার সহযোগিতায় কাঁধে কাঁধ মিলিয়ে পরিবেশ উন্নয়নে কাজ করতে হবে।”
বৃহস্পতিবার (২৯ আগস্ট) আরাধনা একাডেমি মিলনায়তনে বেসরকারি স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘আরাধনা সংস্থা’ এবং আরাধনা একাডেমীর যৌথ আয়োজনে গুণীজন সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরদার শরীফুল ইসলাম আরও বলেন, “দীর্ঘদিন সাতক্ষীরার মাটি ও মানুষের সঙ্গে নিবিড়ভাবে পরিবেশ আন্দোলনে কাজ করে যাচ্ছি। আগের তুলনায় জেলার পরিবেশ এখন অনেক উন্নত। তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও উন্নত পরিবেশ নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক শেখ ফারুকুজ্জামান (ডেভিট)। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক আব্দুল মোকাদ্দেস খান চৌধুরী (মিন্টু), সমাজসেবক আফজালুল করিম বিপু এবং উন্নয়নকর্মী জি. এম. আনজির হোসেন।
এছাড়া বক্তব্য রাখেন আরাধনা সংস্থার আসিফ হোসেন, রেডিও নলতার বিশেষ প্রতিনিধি রিয়াজুল ইসলাম, সাতক্ষীরা জেলা বধির কল্যাণ সংঘের নির্বাহী পরিচালক আলমগীর হোসেন, মুক্তি মিশনের সভাপতি আব্দুস সবুর, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান গণগ্রন্থাগারের সভাপতি শেখ অজিয়ার রহমান, কণ্ঠশিল্পী তানিয়া প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন কবির, বাবু, গোলাম রব্বানী, সুরাইয়া, নাজিয়া, ইশারা প্রমুখ। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন আরাধনা সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও কণ্ঠশিল্পী মাহবুব রহমান।

আরও খবর