ডেস্ক রিপোর্ট ৪ সেপ্টেম্বর ২০২৫ , ৪:২৩:৪৩ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার তিন তরুণ সাংবাদিককে নগরের জলবায়ু সংকট নিয়ে বিশেষ প্রতিবেদনের জন্য বারসিক মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫-এ ভূষিত করা হয়েছে।
ঢাকা টাইমসের হোসেন আলী, দৈনিক পত্রদূতের আসাদুজ্জামান সরদার ও ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন এই স্বীকৃতি অর্জন করেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত উপকূলীয় যুব জলবায়ু সম্মেলন ২০২৫-এ তাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ, পরিবেশ কর্মী অধ্যক্ষ আশেক ই এলাহী, নগর গবেষক জাহাঙ্গীর আলম, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম এবং বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার।
বারসিক মিডিয়া অ্যাওয়ার্ডে তিন সাংবাদিককে নির্বাচিত করা হয় তাঁদের গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী প্রতিবেদনের জন্য। হোসেন আলীকে দেওয়া হয় ‘জলবায়ু উদ্বাস্তু আট হাজার পরিবার সাতক্ষীরা শহরে এসে নতুন ফাঁদে’, আসাদুজ্জামান সরদারকে ‘সামাজিক সুরক্ষার বৃত্তের বাইরে এক নীরব জনগোষ্ঠী’ এবং এম বেলাল হোসাইনকে ‘কাপড়ের ব্যানারের বাজার দখল করেছে পিভিসি ব্যানার, করছে ভয়াবহ পরিবেশ দূষণ’ শীর্ষক প্রতিবেদনের জন্য।
প্রসঙ্গত, ৩১ মে সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের কাছ থেকে প্রতিবেদন আহ্বান জানানো হয়েছিল। জমা পড়া প্রতিবেদনের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বারসিক পরিচালক পাভেল পার্থ, নলেজ ম্যানেজমেন্ট সেলের প্রধান সিলভানুস লামিন এবং নগর গবেষক জাহাঙ্গীর আলম।

















