আসাদুজ্জামান ২২ জুলাই ২০২৬ , ৪:০৩:২১ অনলাইন সংস্করণ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে সাতক্ষীরা সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার হিজলদী ও তলুইগাছা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে বুধবার এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনের যন্ত্রাংশের মূল্য ৯ লাখ ৪২ হাজার টাকা।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার বড়ালী নামক স্থান হতে ৩ লাখ ৪২ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
এছাড়া, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার চারাবাড়ি নামক স্থান হতে ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। জব্দকৃত ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য ৯ লাখ ৪২ হাজার টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। তিনি আরো জানান, জনস্বার্থে ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র এধরণের অভিযান অব্যাহত থাকবে।

















