শেখ ফরিদ আহমেদ ময়না ৭ সেপ্টেম্বর ২০২৫ , ৪:২৬:৫২ অনলাইন সংস্করণ
সাতক্ষীরাজুড়ে এবার শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে ৫৮৭টি মন্ডপে। এর মধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে ৫৫টি মন্ডপ।
রোববার (৭ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
সভায় জেলা প্রশাসক জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী, বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট সব দপ্তর প্রস্তুত থাকবে বলে আশ্বাস দেন তিনি।
প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণু পদ পাল, জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সদর সেনা ক্যাম্পের মেজর ইশতিয়াক আহমেদ, বিজিবি-৩৩ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ক্যাপ্টেন শাদমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, হিন্দু কল্যাণ ট্রাস্ট, জেলা মন্দির সমিতি ও পূজা উদযাপন কমিটির নেতারা।
এ বছর সাতক্ষীরার সাতটি উপজেলায় মোট ৫৮৭টি মন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ১০৬টি, তালায় ১৯৫টি, কলারোয়ায় ৪৪টি, শ্যামনগরে ৬৯টি, আশাশুনিতে ১০৩টি, কালিগঞ্জে ৪৯টি, দেবহাটায় ২১টি এবং পৌরসভায় ১৮টি মন্ডপ রয়েছে।
ঝুঁকিপূর্ণ মন্ডপের মধ্যে শ্যামনগরে ২০টি, আশাশুনিতে ২৩টি, কলারোয়ায় ৬টি, দেবহাটায় ৪টি এবং কালিগঞ্জে ২টি। এসব মন্ডপে বিশেষ নজরদারি থাকবে বলে জানিয়েছেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
সভায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনা, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার, বিদ্যুৎ বিভাগ, সিভিল সার্জন অফিস ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় এবারও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে সভায়।

















