ডেস্ক রিপোর্ট ২৭ জুলাই ২০২৬ , ৪:৩৭:৩৮ অনলাইন সংস্করণ
‘সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ’এই স্লোগানকে ধারণ করে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনা রেঞ্জাধীন বিভিন্ন ইউনিটে ৩০ হাজার বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ পুলিশ। এরই ধারাবাহিকতায় সোমবার (২৭ জুলাই ২০২৬) সাতক্ষীরা পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মো. মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে সবুজায়নের গুরুত্ব ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে নিজের আত্মোপলব্ধির কথা তুলে ধরেন।
শিক্ষার্থীদের উদ্দেশে ডিআইজি বলেন, “তোমরাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নের বাহক। তাই হিংসা, লোভ ও অহংকারকে পরাজিত করে নিজেকে আগামীর জন্য প্রস্তুত করতে হবে। পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণের মাধ্যমে একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে তোমাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার জনাব আবু সালেহ মো. আশরাফুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মো. আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মো. শাহীনুর চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জনাব বায়েজীদ ইসলাম, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।

















