ডেস্ক রিপোর্ট ২৫ সেপ্টেম্বর ২০২৫ , ২:২০:৩১ অনলাইন সংস্করণ
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে সাতক্ষীরায় টাইফয়েড ভ্যাকসিনেশন বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জেলা তথ্য অফিসের আয়োজনে সিভিল সার্জন অফিসের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলার ৪৫ জন গার্লস গাইড ও স্কাউটস এতে অংশগ্রহণ করে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত কুমার, গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক মুঃ মনিরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোঃ আদম আলী এবং বাংলাদেশ স্কাউটস খুলনার সহকারী পরিচালক দয়াময় হালদার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চল সহ-সভাপতি মোঃ ঈদুজ্জামান ও বাংলাদেশ স্কাউটস সাতক্ষীরার সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন। কর্মশালায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেশন পরিচালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: ইসমত জাহান সুমনা।
এসময় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত জেলার ৫ লক্ষাধিক শিশু-কিশোরকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে। শতভাগ টিকাদান নিশ্চিত করতে ব্যাপক প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

















