তালা প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৫ , ৩:০৬:৩৯ অনলাইন সংস্করণ
“আগামী ফেব্রুয়ারিতে ভোট অনুষ্ঠিত হবে। যদি কেউ সেই ভোট বানচালের চেষ্টা করে, তবে এই বাংলার মানুষ তা প্রতিহত করবে।” — সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব এ মন্তব্য করেছেন।
তিনি আরও বলেন, “আমি যখন এমপি ছিলাম, তখন এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। কিন্তু এরপর আর কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং সাধারণ মানুষের সাথে সৌহার্দ্যমূলক আচরণ করতে হবে।”
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় খলিলনগর হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন খলিলনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হাসান হাদী, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সিনিয়র সহ-সভাপতি গোলাম মস্তোফা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের আহবায়ক মীর্জা আতিয়ার রহমান ও বিএনপি নেতা নুরুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে গাজী আছির উদ্দিন সভাপতি, মালি মোসলেম উদ্দিন সিনিয়র সহ-সভাপতি, মাস্টার শাহাদাত হোসেন সাধারণ সম্পাদক, গাজী আব্দুর হান্নান যুগ্ম সম্পাদক এবং জি এম শহিদুল্লাহ গাজী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
নবনির্বাচিত কমিটির নেতাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন নেতাকর্মীরা। উৎসবমুখর পরিবেশে পুরো সম্মেলন প্রাঙ্গণ জয়ধ্বনি ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

















