এসএম. বিপ্লব হোসেন ৩০ অক্টোবর ২০২৫ , ২:১৭:৪৮ অনলাইন সংস্করণ
সময় চলে যায় নিজের ছন্দে, কিন্তু কিছু পথচলা থেকে যায় হৃদয়ে। তেমনই এক অনন্য যাত্রার নাম দৈনিক হৃদয় বার্তা। তিন বছর আগে সাতক্ষীরার মাটিতে যাত্রা শুরু করা এই পত্রিকাটি আজ গর্বের সঙ্গে পা রাখছে চতুর্থ বছরে। এটি শুধু একটি পত্রিকার বর্ষপূর্তি নয়, বরং সাতক্ষীরার মানুষের সম্মিলিত অর্জনের এক উজ্জ্বল অধ্যায়।
শুরুটা ছিল সাহসিকতায় ভরা। সত্য, নিরপেক্ষতা ও মানবতার মূল্যবোধকে ধারণ করে যখন “হৃদয় বার্তা” সংবাদ জগতে প্রথম আত্মপ্রকাশ করে, তখন অনেকেই ভেবেছিলেন এ পথ হয়তো কঠিন। কিন্তু মানুষ যখন সত্যের পাশে দাঁড়ায়, তখন সেই পথই হয়ে ওঠে আলোর পথ। পাঠকের ভালোবাসা, মানুষের আস্থা আর সম্পাদক জি.এম. মোশাররফ হোসেনের দূরদর্শী নেতৃত্বে “হৃদয় বার্তা” এখন জনমানুষের অন্তরের কণ্ঠস্বর।
গত তিন বছরে “হৃদয় বার্তা” শুধু খবর ছাপেনি তুলে ধরেছে মানুষের জীবনের সত্যচিত্র। প্রান্তিক মানুষের কান্না, কৃষকের ঘাম, মেহনতি মানুষের হাসি, সমাজের অন্যায়-অবিচার, কিংবা মানবতার উজ্জ্বল উদাহরণ প্রতিটি বিষয়েই এই পত্রিকার কলম ছিল নির্ভীক। সত্য প্রকাশে অবিচল থেকে, দায়িত্বশীল সাংবাদিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে “হৃদয় বার্তা”।
আজকের এই দিনে আমরা স্মরণ করি সেই সব সাংবাদিক, প্রতিবেদক, সম্পাদক ও পাঠকদের, যাদের অক্লান্ত পরিশ্রম আর অগাধ ভালোবাসায় “হৃদয় বার্তা” পৌঁছে গেছে প্রতিটি মানুষের কাছে। এটি এখন শুধুমাত্র একটি সংবাদপত্র নয় এটি হয়ে উঠেছে “মানুষের হৃদয়ের প্রতিবিম্ব”।
চতুর্থ বর্ষে পদার্পণের এই মাহেন্দ্রক্ষণে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল “দৈনিক হৃদয় বার্তা” পরিবারের প্রতি। সত্যের পথে নির্ভীক থাকা, মানুষের অধিকারের পক্ষে কলম চালানো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শিখা জ্বালিয়ে রাখা এই অঙ্গীকারেই যেন “হৃদয় বার্তা” এগিয়ে চলে আরও দূর, আরও দৃপ্ত পদক্ষেপে।
অগ্রযাত্রার এই পথে আমার একান্ত প্রত্যাশা। হৃদয় বার্তা হয়ে উঠুক আগামীর অনুপ্রেরণার প্রতীক, সত্য ও মানবতার জয়গানে ভরপুর এক চিরজাগ্রত আলোকিত পত্রিকা।
লেখক : এসএম. বিপ্লব হোসেন, সাংবাদিক, দৈনিক মানবজমিন ও দৈনিক পত্রদূত

















