কালিগঞ্জ

স্ত্রীর মোবাইলের আঘাতে মাথা ফাটল স্বামীর

  সাহাদাত হোসেন রাজ ২৩ আগস্ট ২০২৬ , ৩:০৪:৩৫ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার কালিগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীর হাতে থাকা মোবাইল ফোনের আঘাতে আল আমিন হোসেন (৩২) নামে এক স্বামীর মাথা ফেটে যাওয়ার অভিযোগ উঠেছে। আহত আল আমিন বর্তমানে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় স্বজন ও স্থানীয়দের সঙ্গে ওই নারীর হাতাহাতির ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

রোববার (২৩ আগস্ট) সকাল ৭টার দিকে কালিগঞ্জ উপজেলার কলিযোগা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের আবু তালেব শেখের মেয়ে খাদিজা খাতুনের সঙ্গে কালিগঞ্জ উপজেলার কলিযোগা গ্রামের সুবহানের ছেলে আল আমিন হোসেনের প্রায় তিন মাস আগে বিয়ে হয়। খাদিজা খাতুনের দাবি, এটি আল আমিনের চতুর্থ বিয়ে।

বিয়ের পর থেকেই স্বামীর শারীরিক সক্ষমতা নিয়ে দুজনের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এরই ধারাবাহিকতায় রোববার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে খাদিজা খাতুন হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আল আমিনের মাথায় আঘাত করেন বলে অভিযোগ ওঠে। এতে তাঁর মাথা ফেটে যায়।

পরে স্থানীয়রা আহত আল আমিনকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁর মাথায় কয়েকটি সেলাই দেন।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে খাদিজা খাতুনের সঙ্গে আল আমিনের স্বজন ও স্থানীয় কয়েকজনের উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন খাদিজা। পরে স্থানীয়রা তাকে কালিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

খাদিজা খাতুন সাংবাদিকদের বলেন, পারিবারিক কলহের জের ধরেই এ ঘটনা ঘটেছে। তবে আহত আল আমিন হোসেনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

কালিগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই করা হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর