কালিগঞ্জ প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৫ , ২:৩১:৫৯ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বিএনপির মনোনয়ন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা। কেন্দ্রীয়ভাবে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী মো. আলাউদ্দিনকে ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণা করার পর থেকেই এই আসনে চলছে টানা বিক্ষোভ ও প্রতিবাদ।
অপরদিকে, কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য এবং “গরিবের ডাক্তার” হিসেবে খ্যাত ডা. শহিদুল আলমের সমর্থকরা তাঁর মনোনয়নের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন নিরবচ্ছিন্নভাবে। সোমবার (১০ নভেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা অষ্টম দিনের মতো কালিগঞ্জে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের ব্যানারে অনুষ্ঠিত হয় বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ।
উত্তর কালিগঞ্জ বাস টার্মিনাল সংলগ্ন তারালী রাস্তার মোড় থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খেয়াঘাট সংলগ্ন উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এক জনসমুদ্রে রূপ নেয়। হাজারো হিন্দু সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, “ডা. শহিদুল আলম গত ৩০ বছর ধরে এই অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাঁকে মনোনয়ন না দিলে সাতক্ষীরা-৩ আসনে বিএনপি নিশ্চিত পরাজয়ের মুখোমুখি হবে।”
বক্তারা আরও বলেন, “আমরা চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আহ্বান জানাচ্ছি— জনমত বিবেচনা করে ডা. শহিদুল আলমকেই ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হোক।”
সমাবেশে উপস্থিত জনতা জানান, মনোনয়ন পরিবর্তনের দাবিতে তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে। ৩ নভেম্বর থেকে শুরু হওয়া এই আন্দোলনের ধারাবাহিকতায় সাতক্ষীরা-৩ আসনের বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ, মানববন্ধন, হরতাল ও অবরোধ কর্মসূচি।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডা. শহিদুল আলমের পক্ষে এই আন্দোলন এখন দলীয় কর্মীদের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের “গণদাবি”তে রূপ নিয়েছে।

















