কালিগঞ্জ

কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

  কালিগঞ্জ প্রতিনিধি ৮ জুলাই ২০২৬ , ৩:০২:৫৫ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হুমায়ূন আহম্মেদের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং একাধিক শিক্ষককে বদলির অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা অধ্যক্ষের অপসারণ এবং সম্প্রতি বদলি হওয়া শিক্ষকদের বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে অধ্যক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ ব্যক্তিগত প্রতিহিংসার বশবর্তী হয়ে তার অপছন্দের দক্ষ শিক্ষকদের বিভিন্ন কৌশলে বদলির ব্যবস্থা করছেন। এর ফলে প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন।

জানা গেছে, কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক আদেশে প্রতিষ্ঠানের ইন্সট্রাক্টর (বাংলা) মো. জিয়াউর রহমানকে সুনামগঞ্জে বদলি করা হয়েছে। এর আগে ইন্সট্রাক্টর (ইংরেজি) প্রীতি সুন্দর বিশ্বাসকেও অন্যত্র বদলি করা হয়।

আন্দোলনরত শিক্ষার্থী মোখলেছুর রহমান, ফয়সাল হোসেন, সামি ও মিমসহ অন্যরা বলেন, “অধ্যক্ষের অপসারণ এবং বদলি হওয়া শিক্ষকদের পুনর্বহাল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

এ বিষয়ে বক্তব্য জানতে অধ্যক্ষ হুমায়ূন আহম্মেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ছুটিতে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শিমুল হোসেন বলেন, “শিক্ষক বদলির বিষয়টি সম্পূর্ণ কারিগরি শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত। এ বিষয়ে প্রতিষ্ঠানের কোনো ভূমিকা নেই।”

এদিকে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের দাবি, গত তিন মাস ধরে অধ্যক্ষকে ঘিরে বিভিন্ন অভিযোগের কারণে প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। তারা বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও খবর