নিজস্ব প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৫ , ৪:৪১:২২ অনলাইন সংস্করণ
সাতক্ষীরায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র বিশেষ অভিযানে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সাতক্ষীরা সদর থানার মাহমুদপুর এলাকার গোয়ালপাড়া জামে মসজিদের উত্তর পাশের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম-এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খাঁনের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই (নিঃ) পলাশ কুমার সাহা সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত যুবকের নাম মো. শামীম হোসেন (১৯)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার সাকরা বাজার এলাকার বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার করা ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটের বাজারমূল্য প্রায় ৬ হাজার টাকা বলে ডিবি পুলিশ জানিয়েছে। ঘটনাস্থলেই মাদকদ্রব্য জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে।

















