ডেস্ক রিপোর্ট ১ ডিসেম্বর ২০২৫ , ১:৫৮:৫২ অনলাইন সংস্করণ
সাতক্ষীরায় সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার (১ ডিসেম্বর) দুপুরে। বিদ্যালয়ের দাতা সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোস্তফা কামাল লস্কর এঁর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এ অনুষ্ঠানে মানবিক আবহ ছড়িয়ে পড়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ ও ভবিষ্যৎ গঠনে সুনির্দিষ্ট দিকনির্দেশনা তুলে ধরে তিনি বলেন, “এই বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীই আমাদের গর্ব, তাদের যত্ন নেওয়া সমাজের দায়িত্ব।”
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ইমদাদুল হক, বিশিষ্ট আইনজীবী এডভোকেট একেএম শহীদুল্লাহ এবং জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু। অতিথিরা বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের কল্যাণে এমন উদ্যোগ আরও বিস্তারের আহ্বান জানান।
দোয়া মাহফিল শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। মানবিকতার উষ্ণ ছোঁয়ায় অনুষ্ঠানের পরিবেশ হয়ে ওঠে আরও হৃদ্য ও আবেগঘন।

















