সাতক্ষীরা

ট্রি অফ লাইফ-এর উদ্যোগে পানিবন্দি দুই হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  ডেস্ক রিপোর্ট ২৩ আগস্ট ২০২৫ , ১২:০০:৪১ অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি অসহায় পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ট্রি অফ লাইফ।

শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় শহরের উত্তর কাটিয়া কাস্টমস অফিস এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সংস্থার পক্ষ থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের আসাম নগর, হরিনখোলা গ্রাম এবং সাতক্ষীরা পৌরসভার ১নং, ৩নং ও ৫নং ওয়ার্ডের গদাই বিল, মধ্য কাটিয়া, মাঠপাড়া, উত্তর কাটিয়া, দক্ষিণ কাটিয়া, পুরাতন সাতক্ষীরা পশ্চিমপাড়া, মিল বাজার, মাগুরা দাসপাড়া ও কুখরালী এলাকার পানিবন্দি দুই হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

খাদ্য সহায়তার প্যাকেটে ছিল—চাল ১০ কেজি, ডাল ১ কেজি, লবণ ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, চিড়া ১ কেজি, পাটালি গুড় ১ কেজি, আটা ১ কেজি, গায়ে মাখার সাবান ১টি এবং কাপড় কাঁচার পাউডার ১ কেজি।

সংস্থার পরিচালক খুরশীদ আলী সুজার তত্ত্বাবধানে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বিশিষ্ট সমাজসেবক ও জয় মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী খুরশীদ জাহান শীলা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম প্রমুখ।

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই ট্রি অফ লাইফ সাতক্ষীরার অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে আসছে।

আরও খবর