সাতক্ষীরা

সাংবাদিকের ওপর হামলা মামলায় একজনকে কারাগারে পাঠিয়েছে আদালত

  আসাদুজ্জামান ১৫ এপ্রিল ২০২৬ , ৩:০৬:৩৩ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক এস এম জুলফিকার আলি জিন্নাহ’র ওপর হামলা ও অর্থ ছিনিয়ে নেওয়ার মামলায় এক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার সাতক্ষীরার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মন্ডলের আদালতে মামলার ছয় আসামির মধ্যে পাঁচজন হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত শেখ আব্দুল্লাহ আল মামুনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে অপর চারজনের জামিন মঞ্জুর করা হয়।

আদালতে বাদীপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট বিএম মিজানুর রহমান পিন্টু। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট তোজাম্মেল হোসেন তোজামসহ অন্যান্য আইনজীবীরা।

মামলার বিবরণ অনুযায়ী, গত ৩০ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে সদর সাব-রেজিস্ট্রি অফিসে একটি আমমোক্তারনামা দলিল নিবন্ধনের সময় এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, দলিল সম্পাদনকে কেন্দ্র করে সেখানে উপস্থিত কিছু ব্যক্তির সঙ্গে সাংবাদিক জিন্নাহ’র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয় এবং তার কাছ থেকে নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক এস এম জুলফিকার আলি জিন্নাহ বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।

আরও খবর