ডেস্ক রিপোর্ট ৩ ডিসেম্বর ২০২৫ , ৩:০৭:৩৩ অনলাইন সংস্করণ
উপকূলের দীর্ঘদিনের সংকট নিরসনে সুনির্দিষ্ট পরিকল্পনা, কার্যকর প্রতিশ্রুতি এবং আসন্ন নির্বাচনের ইশতেহারে তা অন্তর্ভুক্তির দাবি জানিয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো নাগরিক সংলাপ। বুধবার দুপুরে শহরের প্রিন্স হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কনফারেন্স সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স–এর উদ্যোগে আয়োজিত এই সংলাপে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ অংশ নেন।
সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ এর সভাপতিত্বে এবং দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ অশোক ই এলাহী এর সঞ্চালনায় সংলাপে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা সিপিপি নেতা কমরেড আবুল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, গণসংহতি আন্দোলনের জেলা সভাপতি ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলফাত হোসেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি, সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, গণফোরাম নেতা আলিম হোসেন বাবু, ইসলামী আন্দোলনের সহ-সভাপতি আয়েস ক্রুনি প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। বক্তারা উপকূলের মানুষের জলাবদ্ধতা, ঘূর্ণিঝড়–জলোচ্ছ্বাস, নিরাপদ পানির অভাব, টেকসই বাঁধ নির্মাণসহ নানামুখী সংকটের বিষয় গুরুত্বসহ তুলে ধরেন।
তারা বলেন, “উপকূলের মানুষের জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়ন টেকসই হবে না।” বক্তারা ভবিষ্যৎ সরকারের প্রতি উপকূলবান্ধব নীতি গ্রহণ, বাস্তবসম্মত উদ্যোগ নেওয়া এবং জনগণের দাবিদাওয়া ইশতেহারে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।
সংলাপ শেষে অংশগ্রহণকারীরা প্রতিশ্রুতিবদ্ধ নেতৃত্ব ও জনমুখী সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে উপকূলের মানুষের দুর্ভোগ লাঘবে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

















