ডেস্ক রিপোর্ট ১২ নভেম্বর ২০২৫ , ৪:৪৫:২২ অনলাইন সংস্করণ
“আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি” এই বিশ্বাসকে ধারণ করে জেলা পুলিশ সাতক্ষীরার আয়োজনে বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোস্তাক আহমেদকে সংবর্ধনা জানানো হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সাতক্ষীরা পুলিশ লাইন্সে আয়োজিত এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম। বিদায়ী জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার মহোদয়। এ সময় তিনি বলেন, “জেলা প্রশাসক মহোদয়ের দক্ষ প্রশাসনিক নেতৃত্ব, আন্তরিক সহযোগিতা ও পেশাদারিত্ব জেলা পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম সফলভাবে সম্পাদনে অনুপ্রেরণা জুগিয়েছে। তিনি ছিলেন একজন নিরহংকারী, দূরদর্শী ও মানবিক মানুষ।”
পুলিশ সুপার আরও বলেন, “বিদায়ের এই মুহূর্তে আমরা তাঁর নতুন কর্মস্থলে সুস্বাস্থ্য, সফলতা ও আরও গৌরবময় ভবিষ্যতের কামনা করছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শাহীনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) জনাব মোঃ রাজীব, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) জনাব শেখ মোহাম্মদ নূরুল্লাহ, সিভিল সার্জন ডাঃ মোঃ আঃ সালাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আবুল হাশেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জনাব বাসুদেব বসু, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথি ও সুধীজন এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি ছিল এক আবেগঘন বিদায়ী মুহূর্ত, যেখানে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের কর্মদক্ষতা ও মানবিক নেতৃত্বের প্রশংসা করেন সবাই।

















