ডেস্ক রিপোর্ট ১ জানুয়ারি ২০২৬ , ৪:২৯:০৩ অনলাইন সংস্করণ
দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক মুহা: জিল্লুর রহমানের মাতা ফজিলাতুন্নেছা (৭৫) মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় সাতক্ষীরা জেলা জামায়াত গভীর শোক প্রকাশ করেছে।
জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল এবং জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান এক যৌথ বিবৃতিতে জানান, মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে ফজিলাতুন্নেছা দুনিয়ার জীবন ত্যাগ করেছেন।
তারা প্রার্থনা করেন, মহান রব তার সমস্ত গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌসে স্থান দান করুন এবং শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যকে ধৈর্য ও সহনশীলতার তৌফিক দিন। মরহুমা সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম মোঃ ইউনুস আলীর স্ত্রী ছিলেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও পাঁচ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
তিনি বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা শহরের এসডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমার জানাজা আগামী শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১১টায় পুরাতন সাতক্ষীরা সরদার বাড়িতে অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

















