আসাদুজ্জামান ১৪ আগস্ট ২০২৫ , ৪:৪৪:১৬ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় মদ, শাড়ি ও ঔষধসহ বিভিন্ন চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, কালিয়ানী, ঘোনা, পদ্মশাখরা, তলুইগাছা, মাদরা, ঝাউডাঙ্গা, চান্দুড়িয়া, কাকডাঙ্গা ও সুলতানপুর বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে বৃহস্পতিবার এসব মালামাল জব্দ করা হয়। তবে, বিজিবি এসময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল লক্ষীদাড়ি নামক স্থান হতে দুই বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ১ লক্ষ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল ছয়ঘরিয়া নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের, ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল দাঁতভাঙ্গা নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের, পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল ফুটবল মাঠ নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের এবং তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল তেতুলবাড়ি নামক স্থান হতে ১ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।
এছাড়া, কলারোয়া উপজেলার মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল শ্মশ্বান নামক স্থান হতে ৩০ বোতল ভারতীয় মদ, ঝাউডাঙ্গা ক্যাম্প এর বিশেষ আভিযানিক দল হঠাৎগঞ্জ নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কাদপুর নামক স্থান হতে ২ লক্ষ ৪৫ হাজার টাকা মূল্যের, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল আমতলা ও কাকডাঙ্গা নামক স্থান হতে ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের এবং সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল আমতলা নামক স্থান হতে ১ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।
জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ১০ লক্ষ ৮০০ টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাকারবারীরা উক্ত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। তিনি আরো জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা রাখা হয়েছে এবং মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

















