ডেস্ক রিপোর্ট ৪ জানুয়ারি ২০২৬ , ৪:৩৪:৪২ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল হিকমাহ মডেল মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় মাদরাসার অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে এই বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার সম্মানিত চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। তিনি শিক্ষার গুরুত্ব ও বইয়ের ভূমিকা তুলে ধরে বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। বইয়ের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্ক যত গভীর হবে, সমাজ তত আলোকিত হবে।” তিনি শিক্ষার্থীদের মনোযোগী হয়ে পড়াশোনা করে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
মাদরাসার প্রিন্সিপাল মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক গোলাম আজম, সাদিকুর রহমান, মাসুম বিল্লাহসহ অন্যান্য শিক্ষক ও অতিথিবৃন্দ।
বই বিতরণ শেষে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা যায়। এক শিক্ষার্থী জানায়, “নতুন বই পেয়ে খুব ভালো লাগছে। এগুলো পড়ে অনেক কিছু শিখতে পারব।”
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ ও উদ্দীপনা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন বই হাতে পেয়ে তারা আরও মনোযোগী হয়ে শিক্ষাগ্রহণে যুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিক্ষকবৃন্দ। আয়োজকরা জানান, শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশ গঠনে যোগ্য করে তুলতেই তাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।

















