মেহেদী হাসান কাজল, দেবহাটা প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৬ , ৩:১২:০৭ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার দেবহাটা উপজেলার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মাদক, মোবাইল গেমিং প্রতিরোধ এবং হামের টিকা প্রদানসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়াতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম সার্বিক সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, উপজেলা শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলী এবং উপজেলা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকার।
এছাড়াও বক্তব্য রাখেন দেবহাটা কলেজের সাবেক অধ্যক্ষ আনিসুজ্জামান কালাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা, সাবেক শিক্ষক মুজিবর রহমান, নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম, অভিভাবক সদস্য ফারুক হোসেন এবং অভিভাবক রুবিনা পারভিনসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে অভিভাবকদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা অভিভাবকদের প্রতি আহ্বান জানান—স্কুল সময়ের বাইরে সন্তানদের পড়াশোনার প্রতি নজর রাখা, মাদক ও খারাপ সঙ্গ থেকে দূরে রাখা এবং মোবাইল গেমিংয়ের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা।
এছাড়া শিক্ষার্থীদের আগামী দিনের সম্পদ হিসেবে উল্লেখ করে তাদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলা, সত্যবাদিতা ও নৈতিকতার চর্চা করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় সচেতন মহল উপস্থিত ছিলেন।

















