সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আয়োজনে নবীন আইনজীবীদের অংশগ্রহণে এক সাক্ষাৎকার সভা অনুষ্ঠিত হয়েছে। ১ এপ্রিল দুপুর ২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ২নং ভবনের ৪র্থ তলার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান পিন্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুস সাত্তার। সভাটি সঞ্চালনা করেন সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ আকবার আলী, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শাহারিয়ার হাসিব, এজিপি অ্যাডভোকেট জিএম ফিরোজ আহমেদ, অতি পিপি অ্যাডভোকেট সরদার সাইফ, অতি পিপি অ্যাডভোকেট আব্দুল জলিল (৩), অতি পিপি অ্যাডভোকেট রফিকুল ইসলাম (৩), অতি পিপি অ্যাডভোকেট মিজানুর রহমান বাপি, অ্যাডভোকেট শফিক উদ্দিন, এজিপি অ্যাডভোকেট এবাদুল হক, অ্যাডভোকেট সালাউদ্দিন আহমেদ এবং অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোহেল।
সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ আকবার আলী তার বক্তব্যে বলেন, নবীন আইনজীবীদেরকে সততা, নিষ্ঠা ও ধৈর্যের সঙ্গে পেশায় এগিয়ে যেতে হবে। তিনি বলেন, আইন পেশা একটি সম্মানজনক পেশা এখানে সফল হতে হলে নিয়মিত অধ্যয়ন, জ্যেষ্ঠ আইনজীবীদের পরামর্শ গ্রহণ এবং আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনগণের আস্থা অর্জনের জন্য পেশাগত নৈতিকতা বজায় রাখতে হবে।
সাক্ষাৎকার সভায় নবীন আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা ও আইন পেশায় সফল হওয়ার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা বলেন, একজন আইনজীবীকে সততা, দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে ন্যায় প্রতিষ্ঠায় কাজ করতে হবে। এ ধরনের আয়োজন নবীন আইনজীবীদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
ন্যায়বিচার প্রতিষ্ঠায় নবীন আইনজীবীদের দায়িত্বশীল হতে হবে : অ্যাড. আকবর আলী




