মো. রাজু সিদ্দিকী ১৭ আগস্ট ২০২৫ , ৩:৫৭:৫৮ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট) দুপুরে শহরের লেকভিউ কনভেনশন সেন্টারের যমুনা হলে সংগঠনের সভাপতি তাহমিদ শাহেদ চয়ন-এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মো. আব্দুস সবুর, ঊর্ধ্বতন সহ-সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু চৌধুরী), সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম, শেখ মাসুম বিল্লাহ শাহীন, রনজু প্রমুখ।
মতবিনিময় সভায় বার্ষিক সাধারণ সভা আহ্বান, সমিতির ফান্ড ব্যবস্থাপনা, দ্রুত নির্বাচন আয়োজন, ৩৩ মাসের হিসাব দাখিল এবং নতুন করে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রণয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সমিতির সদস্য আব্দুল আজিজ বাবু, কিরন, গফুর সরদার, শেখ আজাদ আলী, মো. নুরুজ্জামান, শেখ মনিরুজ্জামান, আখতারুজ্জামান, শাহাজান আলী প্রমুখ।
সভায় জানানো হয়, আগামী ৩০ আগস্টের মধ্যে সকল ট্রাক মালিক কোনো ফি ছাড়াই ফরম পূরণ করে সদস্য হতে পারবেন। তবে ১ সেপ্টেম্বর থেকে সদস্য হতে চাইলে নির্ধারিত ফি দিয়ে সদস্যপদ গ্রহণ করতে হবে।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সদস্য ও ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম। এসময় জেলা ট্রাক মালিক সমিতির সদস্য ছাড়াও বিভিন্ন ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

















