মাসুদ রানা মনা ৮ নভেম্বর ২০২৫ , ১০:৪৪:১৯ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় তেরো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। শনিবার (৮ নভেম্বর ২০২৫) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ ভোমরা, গাজিপুর, বৈকারী, কালিয়নী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী ও চান্দুরিয়া বিওপি এবং বাঁকাল চেকপোস্ট ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ১০০ বোতল ভারতীয় মদসহ প্রায় বারো লক্ষ সত্তর হাজার ছয়শত টাকার ভারতীয় ঔষধ, নারকেল তেল, পাতা বিড়ি, গৌরি মলম, শাড়ি ও অন্যান্য পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির টহল দল সীমান্ত পিলার-৪ হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানার লক্ষীদাড়ি এলাকা থেকে ১ লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। গাজিপুর বিওপির টহল দল সীমান্ত পিলার-৫/১১ এস সংলগ্ন নতুনপাড়া এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ এবং বৈকারী বিওপির টহল দল শ্মশান ঘাট এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে।
এছাড়া বাঁকাল চেকপোস্টের টহল দল চেকপোস্ট এলাকা থেকে ৭০ হাজার ৬০০ টাকার ভারতীয় পাতা বিড়ি, নারকেল তেল, গৌরি মলম ও শার্ট আটক করে। চান্দুরিয়া বিওপির টহল দল কলারোয়া উপজেলার গোয়ালপাড়া এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে। মাদরা বিওপির তিনটি পৃথক টহল দল ফুলতলা বাজার ও চান্দা এলাকা থেকে ২ লাখ ৪৫ হাজার টাকার ভারতীয় শাড়ি ও ঔষধ জব্দ করে।
কাকডাঙ্গা বিওপির টহল দল গেরাখালি এলাকা থেকে ১ লাখ ৫০ হাজার টাকার ১০০ বোতল ভারতীয় মদ আটক করে। তলুইগাছা বিওপির দুইটি টহল দল চারাবাড়ি বাঁশবাগান এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে। কালিয়নী বিওপির টহল দল কালিয়নী এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহল দল হঠাৎগঞ্জ এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে। একইভাবে হিজলদী বিওপির টহল দল কলারোয়া উপজেলার শিশুতলা আমবাগান এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।
সব মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৬০০ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করে বিজিবি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, চোরাকারবারীরা এসব মালামাল শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনছিল। এতে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। উদ্ধারকৃত সকল মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
দেশের রাজস্ব ফাঁকি রোধ ও স্থানীয় শিল্পের বিকাশে এবং তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষায় বিজিবির এমন অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে। এদিকে, স্থানীয় জনগণ বিজিবির এই দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

















