ডেস্ক রিপোর্ট ২৮ ডিসেম্বর ২০২৫ , ৩:৪১:১৭ অনলাইন সংস্করণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার (২৮ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অর্ণব দত্তের কাছে আনুষ্ঠানিকভাবে তিনি এ মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়ন জমা দিতে এসে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ঘেরা ছিলেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা। মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুর রউফ বলেন, “বর্তমান সময়ে সাতক্ষীরার মাঠে ধানের শীষের জোয়ার বইছে। ঐক্যবদ্ধভাবে কাজ করলে বিজয় নিশ্চিতভাবেই আমাদের ধানের শীষের হবে ইনশাআল্লাহ। ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “ধানের শীষ ছিল, আছে এবং ইনশাআল্লাহ সামনে থাকবে। জয় ছিনিয়ে আনতে আমরা প্রস্তুত। সাতক্ষীরা জেলা বিএনপি আজ আগের চেয়ে বেশি ঐক্যবদ্ধ।”
মনোনয়নপত্র জমাদানের আগে নির্বাচনী আচরণবিধি মেনে সকালে তিনি আলিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগপত্র দাখিল করেন ইউএনও অর্ণব দত্তের নিকট।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন—সাতক্ষীরা জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, বিশিষ্ট ব্যবসায়ী ও দৈনিক যুগের বার্তা পত্রিকার সম্পাদক আবু নাসের মো. আবু সাঈদ, প্রার্থীর দৌহিত্র যুব নেতা ও ব্যবসায়ী সামির শোয়েব রাদমির, যুব নেতা ও ব্যবসায়ী আব্দুল্লাহ আল-সিয়ামসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।
নেতাকর্মীদের উপস্থিতি ও সমর্থনে মনোনয়ন জমাদান অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

















