সাতক্ষীরা

তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে তালার মিঠাবাড়িতে ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্ট

  আবু রায়হান ২৯ জুন ২০২৬ , ৩:৪৭:২৬ অনলাইন সংস্করণ

তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে সাতক্ষীরার তালা উপজেলার ২ নম্বর নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি বহুমুখী সংঘের উদ্যোগে ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ১৯তম ও ২৯তম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

রাকিব অটো রাইস মিল ও হাসিব অটো রাইস মিলের সৌজন্যে আয়োজিত এই টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকিব অটো রাইস মিল ও হাসিব অটো রাইস মিলের স্বত্বাধিকারী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মো. ইবাদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিঠাবাড়ি বহুমুখী সংঘের সভাপতি এস. এম. লিয়াকত আলী সরদার। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী, খেলোয়াড় এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

দিনের প্রথম ম্যাচে ৬ নম্বর ওয়ার্ড ও ৯ নম্বর ওয়ার্ড মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৯ নম্বর ওয়ার্ড ২-০ গোলের ব্যবধানে ৬ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে বিজয় অর্জন করে।

দিনের দ্বিতীয় ম্যাচে ৫ নম্বর ওয়ার্ড দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ৪-০ গোলের বড় ব্যবধানে ২ নম্বর ওয়ার্ডকে হারিয়ে জয় তুলে নেয়।

আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করাই এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে স্থানীয় দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এ আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

আরও খবর