ডেস্ক রিপোর্ট ৬ জুন ২০২৬ , ৫:১২:২৯ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে একটি বসতবাড়ি থেকে সীমানা পিলারসহ তিনজনকে আটক করেছে তালা থানা পুলিশ। শুক্রবার (৫ জুন) রাত ১০টার দিকে ভোলানাথ সানার বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে ভোলানাথ সানা কলাগাছি গ্রামের মৃত চতুর চন্দ্র সানার ছেলে। অপর দুজনের একজন খুলনার বটিয়াঘাটা উপজেলার এবং অন্যজন পাইকগাছা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভোলানাথ সানার বাড়ির পাশে একটি মাটির ঘরে সীমানা পিলারটি মাটির নিচে পোঁতা অবস্থায় ছিল। সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করেন, পিলারটি আসল কি না তা যাচাই করতে বিশেষজ্ঞ (এক্সপার্ট) আসবেন বলে সেটি মাটি খুঁড়ে তুলে ঘরের ভেতরে রাখা হয়েছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়।
অভিযানকালে পুলিশ পিলারসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত শুরু হয়েছে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, রাত সাড়ে ১০টার দিকে কলাগাছি এলাকায় সীমানা পিলার বেচাকেনার খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। অভিযানে পিলারসহ তিনজনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, “আটক ব্যক্তিদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর তদন্তে নির্দোষ প্রমাণিত হলে তাদের ছেড়ে দেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টির বিস্তারিত তদন্ত করছে।

















