তালা প্রতিনিধি ৭ জুলাই ২০২৬ , ৩:৩৪:৪৫ অনলাইন সংস্করণ
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু নারীদের নয়, পুরুষদেরও সমানভাবে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টায় তালা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে “নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ, মানবপাচার প্রতিরোধ, আত্মহত্যা রোধ, মাদকাসক্তি প্রতিরোধ ও লিগ্যাল এইড প্রাপ্তি” বিষয়ক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, সমাজে নারীর প্রতি সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়েছে। অনেক ক্ষেত্রে নারীরা শুধু পুরুষের নয়, অন্য নারীরও নির্যাতনের শিকার হন। তাই নিরাপদ সমাজ গড়ে তুলতে নারী-পুরুষ উভয়ের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তিনি বলেন, সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের সন্তানরা মায়ের কথাই বেশি শোনে। মেয়েদের পাশাপাশি ছেলেদেরও সুশাসনের মধ্যে রাখতে হবে, যাতে তারা কোনো ধরনের ইভটিজিং বা নারীর প্রতি অসদাচরণে জড়িত না হয়।
কাউসার আজিজ আরও বলেন, বর্তমানে অনেক অভিভাবক অল্প বয়সী সন্তানদের মোবাইল ফোন ও মোটরসাইকেল কিনে দিলেও তাদের কার্যক্রমের যথাযথ খোঁজ রাখেন না। এর ফলে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি যেমন বাড়ছে, তেমনি বাল্যবিবাহসহ নানা সামাজিক সমস্যাও বৃদ্ধি পাচ্ছে। এসব বিষয়ে পরিবারকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সঞ্চালনা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার।
এ সময় বক্তব্য দেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন এবং তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, নারী নির্যাতনের শিকার হলে সরকারি আইনগত সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে। ভুক্তভোগীরা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে যোগাযোগ করলে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। এছাড়া আদালত ও লিগ্যাল এইডের মাধ্যমে বিনামূল্যে আইনগত সহায়তা গ্রহণের সুযোগও রয়েছে।

















