সাতক্ষীরা

কালিগঞ্জে ট্রাকচাপায় যুবক নিহত

  কালিগঞ্জ প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৬ , ১:৪৫:৪৩ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবু রায়হান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) দুপুরে সাতক্ষীরা-শ্যামনগর সড়কের কালিগঞ্জ ফিলিং স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু রায়হান শ্যামনগর উপজেলার কাটখালী গ্রামের বাসিন্দা। তিনি হ্যামকো কোম্পানির ডেলিভারিম্যান হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে হ্যামকো কোম্পানির মালামাল নিয়ে একটি ডেলিভারি ভ্যানে করে নলতার দিকে যাচ্ছিলেন আবু রায়হান। পথে কালিগঞ্জ ফিলিং স্টেশনসংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক ডেলিভারি ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে আবু রায়হান সড়কে ছিটকে পড়ে যান। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায় বলে জানা গেছে।

খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে মরদেহ থানায় নেওয়া হয়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও খবর