সাতক্ষীরা

সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, নগদ অর্থ ও ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

  আসাদুজ্জামান ১৪ জানুয়ারি ২০২৬ , ৪:২৪:১৪ অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ নগদ টাকা ও ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার মো. আমিনুল সরদারের ছেলে মো. ইয়াসিন আরাফাত (২৫), শহরের কামালনগর এলাকার মৃত রাজ্জাকের ছেলে মো. রাকিব হোসেন (২০) এবং একই এলাকার মৃত মুকুল হোসেনের ছেলে মো. মুরাদ হোসেন (২০)।

সাতক্ষীরা সদর সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে ৪২০ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা, ৬টি দেশীয় অস্ত্র, ১৫টি লাঠি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

সেনা ক্যাম্প সূত্র আরও জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জব্দকৃত অস্ত্র ও অন্যান্য সামগ্রী অবৈধ কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এর আগেও মাদক সংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃত তিনজনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, সেনাবাহিনী গ্রেপ্তারকৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরও খবর