তালা

দুর্গোৎসব শুধু হিন্দুদের নয়, সার্বজনীন উৎসব : সাবেক এমপি হাবিব

  তালা প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২৫ , ৪:১২:৫১ অনলাইন সংস্করণ

“ধর্ম যার যার, উৎসব সবার”এই মন্ত্রে বিশ্বাসী হয়ে সাতক্ষীরার তালা উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে তিনি খলিশখালী, খেশরা, জালালপুর ও মাগুরা ইউনিয়নের একাধিক পূজা মন্ডপে গিয়ে ভক্ত-অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনের সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শনকালে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “দুর্গোৎসব আমাদের হাজার বছরের ঐতিহ্যের অংশ। এ উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সার্বজনীন উৎসব। এখানে আনন্দ, সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে পড়ে। ধর্ম যার যার, উৎসব সবারএই বিশ্বাসেই আমরা সম্প্রীতির বন্ধন অটুট রাখতে চাই।”
তিনি আরও বলেন, “বিএনপি সবসময় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের পাশে ছিল এবং থাকবে। ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই আসুন, সবাই মিলে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি।”
এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, সাবেক চেয়ারম্যান এস. এম. লিয়াকত হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার, খলিশখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নুর আহম্মাদ, সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, বিএনপি নেতা হাছিবুর রহমান, যুবদল নেতা মেহেদী হাসানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরও খবর