ডেস্ক রিপোর্ট ২০ জুন ২০২৬ , ৫:১০:২৫ অনলাইন সংস্করণ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা, জলবায়ু সহনশীলতা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় তরুণদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় তিন দিনব্যাপী ‘যুব নেতৃত্বাধীন নেক্সাস ডেভেলপমেন্ট কমিউনিটি অ্যাপ্রোচ’ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল ৯টায় সাতক্ষীরা ইয়ুথ হাবে বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো (SEDO) সাতক্ষীরার বাস্তবায়নে এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণে স্বাগত বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী মো. তহিদুজ্জামান (তহিদ)। এতে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী, ব্রহ্মরাজপুর ইউনিয়ন ও পৌরসভা এবং তালা উপজেলার ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়ন থেকে ২৫ জন যুব সদস্য ও কমিউনিটির প্রতিনিধি অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়ন ও স্থানীয় শাসন ব্যবস্থায় তরুণদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান অর্জনের সুযোগ এখনও সীমিত। এ বাস্তবতা বিবেচনায় তরুণ নেতা ও কমিউনিটির প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
তিন দিনব্যাপী প্রশিক্ষণে নেক্সাস অ্যাপ্রোচ, লিঙ্গ ও সামাজিক অন্তর্ভুক্তি, ক্ষমতা ও সম্পদ ম্যাপিং, বাজেট বিশ্লেষণ, সামাজিক পরিকল্পনা, পর্যবেক্ষণ ব্যবস্থা এবং জলবায়ু অভিযোজনমূলক উদ্যোগ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। অংশগ্রহণকারীদের দক্ষতা উন্নয়নে দলীয় আলোচনা, ব্যবহারিক অনুশীলন, কেস স্টাডি, ভূমিকাভিনয় এবং কর্মপরিকল্পনা প্রণয়নসহ বিভিন্ন অংশগ্রহণমূলক পদ্ধতি অনুসরণ করা হবে।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো যুব নেতৃত্বাধীন নেক্সাস ডেভেলপমেন্ট কমিউনিটি পদ্ধতি সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা সুদৃঢ় করা এবং স্থানীয় পর্যায়ে পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও পর্যবেক্ষণে এ পদ্ধতির প্রয়োগ সক্ষমতা বৃদ্ধি করা। পাশাপাশি স্থানীয় চাহিদা নিরূপণ, ক্ষমতার কাঠামো বিশ্লেষণ, সামাজিক অন্তর্ভুক্তি ও লিঙ্গ সংবেদনশীলতা নিশ্চিতকরণ এবং জলবায়ু সহনশীল কমিউনিটি গঠনে কার্যকর ভূমিকা রাখার দক্ষতা অর্জন করবেন অংশগ্রহণকারীরা।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা কমিউনিটির সম্পদ ও সক্ষমতা চিহ্নিতকরণ, সামাজিক অন্তর্ভুক্তির প্রতিবন্ধকতা বিশ্লেষণ, জলবায়ু অভিযোজন ও টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং স্থানীয় পর্যায়ে অনলাইন ও অফলাইন উভয় পদ্ধতিতে কর্মসূচি বাস্তবায়নের সক্ষমতা অর্জন করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রশিক্ষণে সিডিওডব্লিউ (CDOW)-এর জিপিবি (GPB) ও এ৪টি (A4T) প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীরা সহায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রশিক্ষণের রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করছেন রিপন হোসেন, আরাফাত হোসেন, স্বপ্না খাতুন ও ময়না খাতুন। সহায়ক হিসেবে রয়েছেন সাকিব হোসেন।
এসময় উপস্থিত ছিলেন অ্যাকশনএইড বাংলাদেশের ইন্সপায়ারেটর নয়ন হোসেন, প্রোগ্রাম অফিসার চন্দ্রশেখর হালদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
প্রশিক্ষণ শেষে সকল অংশগ্রহণকারীর মাঝে সনদপত্র বিতরণ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

















