সাতক্ষীরা

আশাশুনিতে রূপান্তরের নারী দলের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

  আবু হাসান চঞ্চল, আশাশুনি প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৫ , ২:১৮:৫১ অনলাইন সংস্করণ

আশাশুনিতে নারী নেতৃত্ব ও অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে নারী দলের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে আশাশুনি এতিম ছেলে-মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালার আয়োজন করা হয়।

ওয়াটারএইডের সহযোগিতায় রূপান্তরের বাস্তবায়নে প্রোমোটিং ক্লাইমেট রেজিলিয়েন্ট ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন ইন সাউথওয়েস্ট বাংলাদেশ প্রকল্পের আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। বিশেষ অতিথি ছিলেন রূপান্তরের দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন অভিযোজন কর্মসূচির পরিচালক মোঃ ফারুক আহমেদ, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মনির হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, ওয়াটারএইডের অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার মোঃ রিফাত, এইচবিসিসি জাহিদা সুলতানা ও ইয়াং প্রফেশনাল জারিন লামিছা।

কর্মশালায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের উদ্দেশ্য, সংক্ষিপ্ত বিবরণ ও ডব্লিউই-ডব্লিউই মডেলের ওপর মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন রূপান্তরের এরিয়া ম্যানেজার এমরান হোসেন।

এতে আশাশুনি ও শ্যামনগর উপজেলার ১৯টি নারী দল তাদের ব্যবহারিক অগ্রগতি, চ্যালেঞ্জ, শিক্ষা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কাছে দাবিগুলো তুলে ধরেন। এছাড়া তারা প্রাপ্ত প্রশিক্ষণের ফলাফল এবং পানি বিক্রির পাশাপাশি বিকল্প আয়ের সুযোগ সৃষ্টিতে ব্যবহারিক প্রশিক্ষণ সম্প্রসারণের প্রস্তাব উপস্থাপন করেন।

আলোচনায় অংশ নেন নারী দলের সদস্য রোজিনা খাতুন, গীতা রানী, অনিতা রানী মন্ডল, লাইলি ইয়াছমিন, মেরিনা পারভিন, পারুল রানী বৈদ্য, আম্বিয়া খাতুন প্রমুখ। তারা সবাই নারী দলের উদ্যোগ ও কার্যক্রম আরও টেকসই করতে পরিকল্পনা ও সুপারিশ তুলে ধরেন।

আরও খবর