কালিগঞ্জ

কালিগঞ্জে সুপেয় পানি নিশ্চিতে অংশগ্রহণমূলক এডভোকেসি মিটিং অনুষ্ঠিত

  কালিগঞ্জ প্রতিনিধি ১৫ জুলাই ২০২৫ , ৪:০৩:৫৮ অনলাইন সংস্করণ

জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা এবং সুপেয় পানির সংকট মোকাবেলায় সাতক্ষীরার কালিগঞ্জে একটি গুরুত্বপূর্ণ এডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবে এ সভার আয়োজন করে জনকল্যাণ সংস্থা, অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায়। সভাটি পরিচালনা করেন সংস্থার প্রধান সমন্বয়কারী মোঃ মারুফ হাসান।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ জুয়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন। সভায় সভাপতিত্ব করেন জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শাহিদা পারভিন।

স্থানীয় বাসিন্দারা সভায় অংশ নিয়ে জানান, জলবায়ু পরিবর্তনের কারণে এ অঞ্চলের লবণাক্ততা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে বহু মানুষকে প্রতিদিন সুপেয় পানির জন্য ২-৩ কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে ওঠে। অনেক সরকারি ড্রাম ও পুকুর ব্যবস্থাপনার অভাবে অকার্যকর হয়ে পড়ছে।

সভায় সহকারী প্রকৌশলী মোঃ জুয়েল আহমেদ বলেন, “সরকারি প্রতিটি বরাদ্দ যেন স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে বিতরণ হয়, তা আমরা নিশ্চিত করবো। পানি ব্যবস্থাপনায় স্থানীয় জনগণের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ।”

সভায় বিভিন্ন ওয়ার্ডের নাগরিক প্রতিনিধি, স্থানীয় সুশীল সমাজ, সাংবাদিক ও এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সিদ্ধান্ত হয়, এলাকাভিত্তিক চাহিদা ও সংকট মূল্যায়নের ভিত্তিতে একটি টেকসই ও অংশগ্রহণমূলক পানি বণ্টন কৌশল প্রণয়ন করা হবে।

এই মিটিং সুপেয় পানির সংকট নিরসনে নতুন দৃষ্টিভঙ্গি ও সমন্বিত উদ্যোগের দরজা খুলে দিয়েছে বলে মন্তব্য করেন অংশগ্রহণকারীরা।

আরও খবর