সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ভারতীয় মাদক, মুঠোফোনের যন্ত্রাংশ, চিনি ও শাড়িসহ মোট ১ লাখ ৬০ হাজার ৮০০ টাকার চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সূত্রে জানা গেছে, ১৫ ও ১৬ আগস্ট বৈকারী, কাকডাঙ্গা, মাদরা ও সুলতানপুর সীমান্ত চৌকির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।
বৈকারী সীমান্ত চৌকির বিশেষ অভিযানকারী দল সাতক্ষীরা সদর থানার বলদঘাটা পাকা রাস্তা এলাকা থেকে ৯০ হাজার টাকা মূল্যের ভারতীয় মুঠোফোনের যন্ত্রাংশ জব্দ করে। একইভাবে কাকডাঙ্গা সীমান্ত চৌকির দল কলারোয়া থানার কেড়াগাছি এলাকা থেকে ১৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় চিনি এবং মাদরা সীমান্ত চৌকির দল রাজপুর এলাকা থেকে ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে।
এ ছাড়া সুলতানপুর সীমান্ত চৌকির বিশেষ অভিযানকারী দল কলারোয়া থানার তালশারী এলাকা থেকে মো. আইজুল সরদার (৫০) নামে এক ব্যক্তিকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ৮০০ টাকা মূল্যের ভারতীয় কাশির সিরাপ জব্দ করা হয়। আটক আইজুল সরদার কলারোয়া উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা।
বিজিবি জানিয়েছে, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব ভারতীয় পণ্য বাংলাদেশে পাচার করা হচ্ছিল। চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। দেশের রাজস্ব সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।



