সাতক্ষীরা

জরাজীর্ণ সড়ক সংস্কারের দাবীতে নিরাপদ সড়ক চাই সংগঠনের মানববন্ধন

  নিজস্ব প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৫ , ১:৪২:০৮ অনলাইন সংস্করণ

নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা শাখার উদ্যোগে পৌরসভার বিভিন্ন রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় সাতক্ষীরা পৌরসভার সামনে নিসচা উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভা কার্যত অকার্যকর। সাতক্ষীরা শহরের বেশিরভাগ রাস্তা জরাজীর্ণ,বাতিবিহীন, সংস্কারবিহীন ও চলাচলের অযোগ্য। আবার কিছু রাস্তা তৈরি হচ্ছে যেখানে পরিকল্পিত ড্রেন নেই। আমাদের সাতক্ষীরার সম্পদ, অর্থকরী ফলসগুলো দেশের উন্নয়নে ভূমিকা রাখলেও বরাদ্ধের ক্ষেত্রে এখানে ছিটে ফোটাও জোটে না।
একই সড়ক বারবার সংস্কারের মাধ্যমে অর্থ লোপাট করা হচ্ছে। পৌরসভায় দীর্ঘদিন সড়কে বেহাল দশা থাকলেও এগিয়ে আসেনি পৌর কর্তৃপক্ষ। পূর্বের দায়িত্বশীল পৌর কর্তারা সঠিকভাবে রাস্তার উন্নয়ন না করলেও রীতিমত পৌরসভার অর্থ তছরূপ করেছে। নির্বাচিত মেয়র তাসকিন আহমেদকে দূরে রেখে তৎকালীন সময়ের সিইও এর যোগ—সাজশে অর্থ লোপাট করেছে।
বর্তমান সময়ে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় প্রশাসনের কর্তারা দায়িত্ব পালন করছে। কর্মকর্তারা রীতিমত অফিসে না বসায় নাগরিক সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে পৌরবাসীকে। প্রায় আট মাস পৌরসভার প্রশাসক দায়িত্ব পালন করলেও পৌরবাসীর দৃশ্যমান কোন উন্নয়ন দেখাতে পারেনি। বক্তারা আরো বলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের মানববন্ধন কর্মসূচী আহবানের খবর শহরে ছড়িয়ে পড়লে আগেভাগেই নামমাত্র সাতক্ষীরা পোস্ট অফিস থেকে সরকারি কলেজ সড়কের কাজের উদ্বোধন করেছেন পৌর কর্তৃপক্ষ। নামমাত্র কাজের উদ্বোধন করলেও দৃশ্যমান কোন অগ্রগতি চোখে পড়েনি। পৌরবাসী অত্যন্ত শান্ত ও শান্তপ্রিয়। অতি দ্রুত সময়ের মধ্যে সাতক্ষীরার জরাজীর্ণ সড়কের কাজের অগ্রগতি দৃশ্যমান না হলে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নিসচা সাতক্ষীরা শাখার উপদেষ্টা কামরুল ইসলাম ফারুক, যুগের বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক ও বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, প্রথম আলো পত্রিকার স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, ফিফা রেফারী তৈয়ব হাসান সামছুজ্জামান, দৈনিক দক্ষিনের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি আলমগীর আশরাফ, জিপি অসীম কুমার মন্ডল,পাবলিক লাইব্রেরীর সম্পাদক কামরুজ্জামান রাসেল, নিসচা সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ দিদারুল ইসলাম, নিসচা সম্পাদক সভাপতি এস এম মহিদার রহমান, সাবেক কাউন্সিলর শফিক উদ দৌলা সাগর, মীর আবু বকর, এ্যাড এবিএম সেলিম, অধ্যাপক নূর মোহাম্মাদ পাড়, এ্যাড আব্দুল্লাহ আল হাবীব, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির যুগ্ন সদস্য সচিব আলী নূর খান বাবুল, উদীচির সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, তৌফিকুজ্জামান লিটু, শহিদুল ইসলাম, মাজহারুল ইসলাম, মনিরুজ্জামান মনি, ম.জামান, সমাজকর্মী শেখ ফারুক হোসেন, মোস্তাফিজুর রহমান, ফিরোজ হোসেন, মোঃ মাসুদ আলী, শাহজাহান আলী মিটন, নাজমুল আলম মুন্না, তৌহিদুল হক, অহিদুজ্জামান এবং সম্পাদক রফিকুল ইসলাম, দৈনিক চিত্র পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি শেখ কামরুল ইসলাম, দৈনিক রাজপথের দাবী পত্রিকার এ এস এম শাহনেওয়াজ মাহমুদ রনি, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার জেলা প্রতিনিধি আতিকুজ্জামান রিপন, অপরাধ অনুসন্ধান পত্রিকার মোঃ মোস্তাফিজুর রহমানসহ সাতক্ষীরার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারক লিপি প্রদান করেন নিরাপদ সড়ক চাই সাতক্ষীরার নেতৃবৃন্দ।

আরও খবর