দেবহাটা প্রতিনিধি ১২ আগস্ট ২০২৫ , ৩:৪৯:৪১ অনলাইন সংস্করণ
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে দেবহাটায় র্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকীর সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তরিকুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাজেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সখিপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কাজী সিদরাতুলমুনতাহা এবং দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান।
এছাড়া বক্তব্য রাখেন নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান রিপন, রেড জুলাই কমিটির জেলা যুগ্ম আহ্বায়ক মুজাহিদ বিন ফিরোজ, ছাত্র আন্দোলনের জেলা নেতা রায়হান কবির, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি আশিকুজ্জামান ও আমাদের টিমের সভাপতি শেখ মনিরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলার মোট ২২ জন যুবক ও যুবতীর মধ্যে ২০ লাখ ৫০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। এর মধ্যে গরু মোটাতাজাকরণ, মৎস্য চাষ ও ডেইরি ফার্মের জন্য ১৯ জন এবং বায়োগ্যাস প্লান্টের জন্য ৩ জনকে ঋণ প্রদান করা হয়।
বক্তারা যুবদের উদ্দেশ্যে বলেন, এই ঋণকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হতে হবে, অন্যের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করতে হবে এবং দেশের অর্থনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

















