সাতক্ষীরা

সাতক্ষীরায় পুত্রের নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায় পিতার সংবাদ সম্মেলন

  প্রেস বিজ্ঞপ্তি ১২ আগস্ট ২০২৫ , ৩:৫৫:৫৯ অনলাইন সংস্করণ

নিজ পুত্রের নির্যাতন ও সম্পত্তি দখলের হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছেন এক অসহায় পিতা। মঙ্গলবার (১২ আগস্ট) সাতক্ষীরা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন ভোমরার মৃত শরফরাজ মোল্লার পুত্র শফিউল ইসলাম মোল্ল্যা।

লিখিত বক্তব্যে শফিউল ইসলাম মোল্ল্যা জানান, তিনি চার কন্যা ও এক পুত্র সন্তানের জনক। চার কন্যাকে ইতোমধ্যে বিবাহ দিয়েছেন। প্রায় ১৭ বছর আগে ১০ শতক জমি বিক্রি করে একমাত্র পুত্র হাসান (৪০) কে বিদেশে পাঠান, আশা ছিলো ছেলে ফিরে এসে পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনবে। কিন্তু বাস্তবে ঘটেছে উল্টো।

তার অভিযোগ, দীর্ঘদিন বিদেশে থেকে অনেক অর্থ উপার্জন করলেও হাসান সমস্ত অর্থ-সম্পদ নিজের স্ত্রীর নামে করেছেন। বিদেশে থাকা অবস্থায় কখনো পরিবারের খোঁজখবর নেননি, দেশে ফিরে এসেও তাদের ভরণপোষণ দেননি। বরং স্ত্রী সেলিনা খাতুন রিমার (৩২) প্ররোচনায় বারবার তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকেন।

সম্প্রতি নিজের নামে থাকা সম্পত্তি জোরপূর্বক লিখে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন হাসান। কিন্তু অন্য চার কন্যাকে বঞ্চিত করে তিনি সেই সম্পত্তি হস্তান্তরে রাজি না হওয়ায়, প্রতিদিনই পুত্রের মারপিট ও অত্যাচারের শিকার হচ্ছেন। অভিযোগে তিনি বলেন, বিদেশ থেকে ফিরে এসে হাসান তার সম্পত্তির ওপর বিশাল ভবন নির্মাণ করলেও সেখানে অসুস্থ স্ত্রীসহ তার থাকার কোনো জায়গা হয়নি; বরং তাদের ঠাঁই হয়েছে গোয়াল ঘরে।

শফিউল ইসলাম আরও জানান, শুধু তাকেই নয়, তার স্ত্রীকেও নানাভাবে নির্যাতন করে হাসান। এ কারণে তিনি বর্তমানে দিশেহারা হয়ে পড়েছেন। ইতোমধ্যে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন, যেন পুত্রের নির্যাতন থেকে রক্ষা পেয়ে নিজের সম্পত্তি সুরক্ষিত রাখতে পারেন।

আরও খবর