তালা

নগরঘাটায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে চাল বিতরণ

  আবু রায়হান ২৫ সেপ্টেম্বর ২০২৫ , ১:৫৮:৫৬ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার নগরঘাটা ইউনিয়নের ৩০ মাইল হোসেন মার্কেটে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে চাল বিতরণ শুরু হয়েছে। দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের কথা মাথায় রেখে সরকার প্রতি কেজি মাত্র ১৫ টাকায় চাল সরবরাহ করছে। প্রতিটি কার্ডধারী পরিবার দুই মাস অন্তর সর্বোচ্চ ৩০ কেজি চাল পাবেন বলে জানিয়েছেন ডিলার ইকবাল হাসান।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় ট্যাগ অফিসার আদিত্য কুমার সরকারের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মহব্বত আলী সরদার, ইউপি সদস্য মো: নুরুজ্জামান মুকুল, সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী সিরাজুল ইসলাম মিন্টু, দুই বারের সংরক্ষিত আসনের মহিলা সদস্য মোছাঃ মর্জিনা বেগম, বর্তমান ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মফিজুল ইসলাম, ৩০ মাইল বাজার কমিটির সভাপতি আনন্দ কুমার সরকারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

চাল নিতে সকাল থেকে বিতরণ কেন্দ্রে সাধারণ মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। উপস্থিত উপকারভোগীরা জানান, বাজারে যেখানে প্রতিকেজি চাল ৫০ থেকে ৬০ টাকা, সেখানে সরকারের এই ১৫ টাকা দরে চাল পাওয়া তাদের জন্য বড় সহায়তা। এতে পরিবার চালাতে কিছুটা হলেও স্বস্তি মিলছে। স্থানীয়দের ধারণা, এই কর্মসূচির চাল বিতরণে প্রায় এক হাজার পরিবার উপকৃত হবে।

চাল বিতরণের স্বচ্ছতা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও খাদ্য বিভাগের কর্মকর্তারা সরেজমিনে তদারকি করছেন। পাটকেলঘাটা ডিএজবি’র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস সরকারও কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন, যাতে কোনো প্রকার অনিয়ম বা দুর্নীতি না হয় এবং প্রকৃত সুবিধাভোগীরাই চাল পান।

এদিকে সুবিধাভোগীরা জানিয়েছেন, “আমরা চাল ওজনে ঠিকমতো পাচ্ছি, কোনো হয়রানি হয়নি। আশা করি এ কর্মসূচি নিয়মিতভাবে চলবে।”
সাধারণ মানুষও আশা প্রকাশ করেছেন—নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এমন উদ্যোগ আরও বাড়ানো গেলে নিম্ন আয়ের মানুষদের জন্য তা হবে বড় সহায়তা।

আরও খবর