দেবহাটা

শিক্ষাই ভবিষ্যতের চাবিকাঠি : দেবহাটায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ

  মেহেদী হাসান কাজল, দেবহাটা প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৫ , ৪:৩১:০৯ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেছেন,*“আমাদের শিক্ষা আমাদের ভবিষ্যৎ”—আজকের শিক্ষার্থীরাই গড়ে তুলবে আগামীর বাংলাদেশ। তিনি বলেন, পড়াশোনা ও অধ্যাবসায়ের মাধ্যমেই গড়ে ওঠে উজ্জ্বল ভবিষ্যৎ। ছোটবেলা থেকেই কঠোর পরিশ্রম ও সময় মেনে পড়াশোনার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, জীবন কঠিন ও বাস্তব—এই বাস্তবতাকে মেনে নিজের ভবিষ্যৎ নিজেকেই গড়ে তুলতে হবে।

বুধবার সকাল ১১টায় দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে *“আমাদের শিক্ষা আমাদের ভবিষ্যৎ”* শীর্ষক মিট দ্যা স্টুডেন্টস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কে. এম. আবু নওশাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টার একান্ত সহকারী উপ-সচিব আবুল হাসান, উপ-সচিব আকবর হোসেন এবং এলজিইডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান।

এসময় বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, সখিপুর সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, এসএস মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আহ্বায়ক ও উপজেলা আমীর মাও. অলিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী দ্যুতি মন্ডল প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক শিক্ষার্থীদের কাছে তাদের স্বপ্ন, চাহিদা ও সমস্যার কথা জানতে চান। পাশাপাশি, আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান ও আদর্শ শিক্ষার্থী গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন।

আরও খবর