শেখ ফরিদ আহমেদ ময়না ২৭ আগস্ট ২০২৫ , ৪:০৯:২২ অনলাইন সংস্করণ
“যথাযথ পানি ব্যবস্থাপনা জলবায়ু সংকট মোকাবেলার হাতিয়ার”এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি চত্বরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৭ আগস্ট) সকালে স্থানীয় উন্নয়ন সংস্থা স্বদেশ এর আয়োজনে অনুষ্ঠিত এ সভায় বক্তারা বলেন, উপকূলীয় জনপদের জন্য এখন সবচেয়ে বড় সংকট সুপেয় পানি। এই সংকট মোকাবেলায় জরুরি ভিত্তিতে টেকসই সমাধান খুঁজে বের করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন প্রফেসর আব্দুল হামিদ এবং সঞ্চালনা করেন স্বদেশের পরিচালক মাধব চন্দ্র দত্ত। আলোচনায় অংশ নেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শরিফুল ইসলাম, অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাবেক কাউন্সিলর শফিক উদ দৌলা সাগর, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, মিজানুর রহমান, গোলাম সরোয়ার, আমিনা বিলকিস ময়না, জুলফিকার রায়হান, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, সাকিবুর রহমান বাবলা, ক্রিসেন্টের পরিচালক আব্দুল হাই সিদ্দিকীসহ অনেকে।
বক্তারা বলেন, সাতক্ষীরায় সুপেয় পানির সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। খালি কলস হাতে মিছিল করা এখন উপকূলবাসীর জীবনের করুণ বাস্তবতা। তালা উপজেলার বহু নলকূপে আর্সেনিকের মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে, যা পানযোগ্য নয়। শহরে জলাবদ্ধতা নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
তারা জোর দিয়ে বলেন, সুপেয় পানি নাগরিকের মৌলিক অধিকার এবং তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
বক্তারা সম্ভাব্য সমাধান হিসেবে উল্লেখ করেন, কুয়া খনন ও বৃষ্টির পানি সংরক্ষণ, ঐতিহ্যবাহী পানি ব্যবস্থাপনা পদ্ধতির ব্যবহার, ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমানো।
এছাড়া তারা মনে করিয়ে দেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয় বাংলাদেশ, তবুও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই দেশ। অথচ আন্তর্জাতিকভাবে ন্যায্য ক্ষতিপূরণ এখনো পাওয়া যায়নি।
স্থানীয় মানুষ, নীতিনির্ধারক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পানি সংকটের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং এর টেকসই সমাধানে উদ্যোগী করা।

















