সাতক্ষীরা

শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে গাছের চারা, সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার

  ডেস্ক রিপোর্ট ১৩ আগস্ট ২০২৫ , ৪:৪৪:৩৮ অনলাইন সংস্করণ

“সবুজে সাজাই বাংলাদেশ” — এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে এবং বাংলালিংকের সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।

পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ।

বিদ্যালয়ের সভাপতি সরফরাজ নেওয়াজ সাগরের সভাপতিত্বে এবং প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মুনির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক স.ম শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আই প্রতিনিধি আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক এম. বেলাল হুসাইন, এখন টিভির আহসান রাজীব, বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম, প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, মানবজমিনের প্রতিনিধি এস.এম বিপ্লব হোসেন, গ্লোবাল টিভির প্রতিনিধি রাহাত রাজা প্রমুখ।

বক্তারা বলেন, গাছ শুধু অক্সিজেন দেয় না, বরং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সবারই গাছ লাগানো ও যত্ন নেওয়ার অভ্যাস গড়ে তোলা উচিত। তারা জানান, প্রকৃতি ও জীবন ক্লাব প্রতিবছর বৃক্ষরোপণসহ নানা পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছে।

কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি শিক্ষার্থীকে দুটি করে গাছের চারা দেওয়া হয়। নতুন চারা হাতে পেয়ে শিক্ষার্থীরা জানায়, তারা নিয়মিত গাছের যত্ন নেবে এবং অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করবে। এতে তাদের মধ্যে পরিবেশ রক্ষার নতুন উদ্দীপনা ও দায়িত্ববোধ তৈরি হয়েছে।

আরও খবর