সাতক্ষীরা

শিশুদের হাসি আর স্বপ্নে ভরে উঠলো—‘আমরা বন্ধু’র দশক পূর্তি উৎসব

  ডেস্ক রিপোর্ট ৩১ আগস্ট ২০২৫ , ৪:১১:২১ অনলাইন সংস্করণ

২০১৫ সালে সাতক্ষীরা সরকারি কলেজের পাঁচ তরুণ শিক্ষার্থীর হাত ধরে যাত্রা শুরু। লক্ষ্য ছিল শিশুদের ঝরে পড়া রোধ, শিক্ষায় উৎসাহ আর পাশে দাঁড়ানো। সেই ছোট্ট স্বপ্ন আজ এক দশক পেরিয়ে পূর্ণতা পেয়েছে—নামটি ‘আমরা বন্ধু’।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে আয়োজিত হয় সংগঠনটির ১০ম বর্ষপূর্তি অনুষ্ঠান। শুরুতেই আবৃত্তিকার মনিরুজ্জামান ছোট্টু আবৃত্তি করেন আহমেদ সাব্বিরের ছড়া ‘নতুন ক্লাসে’ এবং কাজী নজরুল ইসলামের কবিতা ‘বারাঙ্গনা’। শুভেচ্ছা বক্তব্যে ম্যানগ্রোভ সম্পাদক কবি স ম তুহিন বলেন—“বন্ধুত্বের এই বন্ধনই সমাজে আলো ছড়ায়।”

অগ্রণী ব্যাংক শিশু একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার আহমেদ সাব্বির এ উপলক্ষে রচনা করেন বিশেষ ছড়া ‘আমরা বন্ধু’, যা শ্রোতাদের মন ছুঁয়ে যায়। তবে সবচেয়ে আনন্দঘন মুহূর্ত ছিল শিশুদের পরিবেশনা—ছোট্ট বন্ধু সুমাইয়া সাদিয়া (হালুম), শোয়াইব আহমেদ ও আরহাম ফালাকের কবিতা, ছড়া ও গান অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক ও সংগঠনের সদস্য নাজমুন নাহার।

লেখক ও গবেষক তানজির কচির সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও অনুষ্ঠানে অংশ নেন স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির, এখন টিভির আহসানুর রহমান রাজীব, বাংলাদেশের খবর এর আব্দুস সামাদ, আমরা বন্ধুর প্রতিষ্ঠাকালীন সদস্য শামসুন্নাহার মুন্নী, দৈনিক হৃদয় বার্তার ব্যবস্থাপনা সম্পাদক আলী মুক্তাদা হৃদয়, উন্নয়ন কর্মী আসাদুল ইসলাম, দ্য এডিটরস এর সিইও গাজী মাহিদা মিজান, ছাত্রনেতা এসএম শাহীন ইসলাম, ছাত্রনেতা মাসুদ আলম, গ্লোবাল টেলিভিশনের রাহাত রাজা, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি এস এম বিপ্লব হোসেন, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান, ঢাকা টাইমসের মো. হোসেন আলী, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, সংবাদ প্রকাশের রিজাউল করিম, দ্য এডিটরস এর মেহেদী হাসান শিমুল, এম জুবায়ের মাহমুদ, ফটো সাংবাদিক আসিফ হোসেন।

বক্তারা শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন এবং সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।

আরও খবর