সাতক্ষীরা

সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

  ডেস্ক রিপোর্ট ২০ আগস্ট ২০২৫ , ২:১৪:০২ অনলাইন সংস্করণ

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে সাতক্ষীরায়। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ সাতক্ষীরার আয়োজনে দিবসটি উপলক্ষে বুধবার সকালে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে সেখানে ফিতা কেটে এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।
সামাজিক বন বিভাগ সাতক্ষীরার সহকারী বনসংরক্ষক প্রিয়াঙ্কা হালদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সরদার শরীফুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীত কুমার দাস, সামাজিক বন বিভাগ সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ, কৃষিবিদ প্রকৌশলী হারুন অর রশিদ, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, সাতক্ষীরা জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল আমিন, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবলু প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সাতক্ষীরা জেলা তথ্য অফিসের ইউডিএ মনিরুজ্জামান। এ সময় অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বন-বিভাগের কর্মকর্তাসহ নার্সারি মালিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা এসময় প্রকৃৃতির ভারসাম্য রক্ষা করতে বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ দেন। এবারের এ বৃক্ষ মেলায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষদি গাছের ৩৫ টি স্টল স্থান পেয়েছে।
বৃক্ষ মেলার উদ্বোধন শেষে স্কুল শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষুধী গাছের চারা বিতরণ করা হয়।

আরও খবর