নিজস্ব প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৫ , ১০:৪১:৩৫ অনলাইন সংস্করণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাতক্ষীরার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পাচ্ছেন মোঃ আরেফিন জুয়েল বিপিএম। নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে গত ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’তে লটারির মাধ্যমে নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দেশের ৬৪ জেলার এসপিদের চূড়ান্ত করা হয়।
লটারির মাধ্যমে এসপি নিয়োগে যোগ্য কেউ বাদ যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে এডিপি পর্যালোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, “এসপি নিয়োগে বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় তিনটি ক্যাটাগরি—এ, বি ও সি—তৈরি করা হয়েছিল। আগের নিয়োজিত ১৮ জনকে তুলে এনে সেখানে নতুন এসপি নিয়োগ দেওয়া হয়েছে। বাকিদের লটারির মাধ্যমে বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে। ফলে মেধাবীরা কেউ বাদ পড়েননি।”
প্রজ্ঞাপন অনুযায়ী, খাগড়াছড়ির বর্তমান পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বিপিএম (বিপি-৮০০৬১১৭৩৬২) এখন থেকে সাতক্ষীরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করবেন।

















